৩৯ বছরেও আগুন ঝরাচ্ছেন মুশফিক, র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা উত্থান!
ক্রীড়া ডেস্ক :
পাকিস্তানকে কাঁপিয়ে এবার আইসিসি র্যাঙ্কিংয়েও বড় ঝড় তুললেন মুশফিকুর রহিম। ৩৯ বছর বয়সে এসে টেস্ট ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে চার ইনিংসে সিরিজসর্বোচ্চ ২৫৩ রান করে আলো ছড়ানো মুশফিক আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে এক লাফে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন। এর আগে তাঁর সর্বোচ্চ অবস্থান ছিল ১৭ নম্বর।
শুধু মুশফিকই নন, ব্যাট হাতে দুর্দান্ত উন্নতি হয়েছে লিটন দাসেরও। দুই ম্যাচের সিরিজে ২৩৯ রান করা এই উইকেটকিপার-ব্যাটার ১৪ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন।
বোলারদের তালিকাতেও জ্বলছে বাংলাদেশের নাম। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিং করে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১তম স্থানে উঠেছেন। ৭৩২ রেটিং পয়েন্ট পাওয়া তাইজুল এর আগে কখনো এত ওপরে উঠতে পারেননি। পাশাপাশি টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও তিন ধাপ এগিয়ে এখন তিনি ২৯ নম্বরে।
এদিকে মেহেদী হাসান মিরাজ বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। আর গতির ঝড় তোলা নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪ নম্বরে।
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের এই র্যাঙ্কিং উত্থান যেন বিশ্ব ক্রিকেটে নতুন বার্তা—টাইগাররা এখন শুধু লড়াই নয়, আধিপত্যও দেখাতে জানে!




