বাংলাদেশে নিশ্চিত ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার, টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখার সুযোগ
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের সব ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। সম্প্রচার স্বত্ব সংক্রান্ত জটিলতা কাটিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ এবং গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’।
জানা গেছে, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা বিরাজ করছিল। এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের বাজারের জন্য সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার অল্প সময় আগে তারা স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর কাছে সেই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়। একপর্যায়ে প্রতিষ্ঠানটি পুরো চুক্তি থেকে সরে দাঁড়ালে নতুন করে সংকট তৈরি হয়।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেয় সরকার ও দেশের ফুটবল প্রশাসন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের তৎপরতায় বিভিন্ন গণমাধ্যম, ক্রীড়া চ্যানেল ও টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে জরুরি আলোচনা শুরু হয়। তাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই শেষ পর্যন্ত সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফলে দেশের দর্শকরা বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভির মাধ্যমে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। এতে শহর থেকে গ্রাম—সব জায়গার ফুটবলপ্রেমীরা সহজেই খেলা উপভোগের সুযোগ পাবেন।
অন্যদিকে প্রযুক্তিনির্ভর দর্শকদের জন্যও রয়েছে সুখবর। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ থাকবে। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্ট টিভি ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সহজেই বিশ্বকাপের উত্তেজনায় শামিল হতে পারবেন।
বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আয়োজনের সম্প্রচার নিশ্চিত হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। টেলিভিশন ও ডিজিটাল—উভয় মাধ্যমেই সম্প্রচার সুবিধা থাকায় এবারের বিশ্বকাপ বাংলাদেশের দর্শকদের জন্য আরও সহজলভ্য ও উপভোগ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




