আইভীক দেখতে যাওয়ায় চাকরি গেলো সিটি করপোরেশনের এক কর্মচারীর
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কর্মচারী সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী-কে দেখতে যাওয়ার পর চাকরি হারানোর অভিযোগ তুলেছেন। তবে সিটি করপোরেশনের প্রশাসক দাবি করেছেন, আইভীর সঙ্গে সাক্ষাতের কারণে নয়, বরং দায়িত্বে অনিয়মের অভিযোগে ওই কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত কর্মচারী টরিক আহমেদের দাবি, জামিনে মুক্তি পাওয়ার পর আইভীকে দেখতে তাঁর বাসায় গিয়েছিলেন তিনি। পরদিন প্রশাসকের কার্যালয়ে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। টরিকের অভিযোগ, আইভীর বাসায় যাওয়াই তাঁর চাকরি হারানোর কারণ।
অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান অভিযোগটি অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, টরিক করপোরেশনে কর্মরত থাকলেও নিয়মিত দায়িত্ব পালন না করে অন্যত্র চাকরি করতেন। হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
জামিনে মুক্তি পেয়ে বুধবার গভীর রাতে নিজ বাসভবনে ফেরেন সাবেক মেয়র আইভী। এরপর থেকে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করছেন। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে আবেগাপ্লুতও হন তিনি।
এদিকে আইভীর দেওভোগের বাসার সামনের এলাকায় কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে, যার অংশ হিসেবে ওই এলাকাতেও ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাবেক মেয়রের সঙ্গে সাধারণ মানুষ সাক্ষাৎ করতে পারবেন। তবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা সভা-সমাবেশ পরিচালিত হচ্ছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যবেক্ষণে রাখবে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন টানা তিনবারের নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।




