ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

ভোলার গ্যাসকে ঘিরে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা: তথ্যমন্ত্রী

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক :

ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক রূপান্তরের বিশাল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা গেলে দক্ষিণাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ‘বরিশাল জেলা সমিতি, ঢাকা’ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যেকোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকায় এ অঞ্চলকে ঘিরে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভোলার গ্যাসকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি শিল্পায়ন পরিকল্পনা গ্রহণ করা হলে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনগুলোকেও এ অঞ্চলের সম্ভাবনা ও প্রয়োজনীয় দাবিগুলো নীতিনির্ধারকদের সামনে তুলে ধরতে হবে। বরিশাল জেলা সমিতির মতো সংগঠনগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত উন্নত সড়ক ব্যবস্থা থাকলেও সেটি এখনও কুয়াকাটা পর্যন্ত সম্প্রসারিত হয়নি। দ্রুত এ সড়ক উন্নয়ন করা প্রয়োজন। অন্যথায় দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাবে।
তিনি পায়রা সমুদ্র বন্দরকে দেশের অর্থনীতির জন্য একটি কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় শুধু চট্টগ্রাম ও মোংলা বন্দর যথেষ্ট নয়। তাই পায়রা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
কুয়াকাটার পর্যটন শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, তুলনামূলক কম বিনিয়োগ এবং যথাযথ নীতিগত সহায়তার মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, যা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জন্য সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেলিমা রহমান এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এনায়েত করিম।
এছাড়া উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এ কে এম আজিজুর রহমান খান, এ কে এম মিজানুর রহমান এফসিএ, সৈয়দ মুস্তাফিজুর রহমান, প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, মাইনুল হাসান সোহেলসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, শিল্প, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে (মরণোত্তরসহ) গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক সোহেল।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।