সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক, বিনিয়োগ ও শিল্পখাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্পখাত সম্প্রসারণ এবং বস্ত্র ও পাট খাতের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র জানায়, বৈঠকে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং বস্ত্র ও পাট খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।




