সাতক্ষীরা সীমান্তে ফেরার পথে গুলিবিদ্ধ দুই বাংলাদেশি, তদন্তে বিজিবি
সাতক্ষীরা প্রতিবিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কালিন্দী নদীসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. শাহীন (২৮) এবং একই এলাকার মহিউদ্দিন (৪২)। বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজনদের দাবি, কয়েক মাস আগে শাহীন ও মহিউদ্দিন অবৈধভাবে কাজের সন্ধানে ভারতে যান। সেখানে কলকাতা ও পরে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। ঈদের আগে থেকেই তারা দেশে ফেরার চেষ্টা করছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে তারা বসন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহীন ডান হাতে এবং মহিউদ্দিন বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঘটনাটি ঠিক কোন সীমান্তে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কোনো সীমান্তে এ ধরনের ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় প্রকৃতপক্ষে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




