সালিসে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত জামায়াতকর্মী, নড়াইলে চাঞ্চল্য
নড়াইল প্রতিনিধি:
নড়াইল পৌর এলাকার ডুমরতলা এলাকায় সালিস বৈঠকে অংশ নিতে গিয়ে এক জামায়াতকর্মী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. আব্দুর রহিম (৩৫), তিনি ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড জামায়াতের কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ঈদপাড়া আশিক মোল্যা ও তার ভাই রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গতদিন আশিক মোল্যা রাজুর বসতঘরে হামলা ও ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর রাজু মোল্যা ও তার বাবা স্থানীয়ভাবে সালিস বৈঠকের আয়োজন করেন।
বৃহস্পতিবার সকালে ওই সালিস বৈঠক শুরু হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। সালিস চলাকালে এক পর্যায়ে অভিযুক্ত আশিক মোল্যা বৈঠক থেকে চলে যেতে চাইলে আব্দুর রহিম তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় আশিক মোল্যার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তিনি আব্দুর রহিমকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সালিস বৈঠকে একজন আহত হওয়ার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।




