রাউজানে যুবদল নেতা হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৫ অস্ত্রধারী, গ্রেপ্তার হয়নি কেউ
চট্টগ্রাম প্রতিনিধ :
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার দাবি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাঁচজন অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের হাতে পিস্তল এবং দুজনের হাতে শটগান দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী চক্রের সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত। এদিকে নিহতের পরিবার দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে তাদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, অস্ত্র হাতে দেখা যাওয়া পাঁচজনকে একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তাদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে হত্যাকাণ্ডের পেছনে কর্ণফুলী নদীসংলগ্ন বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের জানাজায় বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়। জানাজা শেষে স্বজন ও স্থানীয় নেতারা দ্রুত বিচার এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।




