রাফিনিয়ার চোটে দুশ্চিন্তায় ব্রাজিল, স্কটল্যান্ড ম্যাচে অনিশ্চিত তারকা ফরোয়ার্ড
ক্রীড়া ডেক্স :
ব্রাজিল জাতীয় ফুটবল দল হাইতির বিপক্ষে ৩–০ গোলের জয়ের মাধ্যমে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠলেও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা উইঙ্গার রাফিনিয়ার চোট।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৪০ মিনিটের দিকে ডান পায়ের উরুতে ব্যথা অনুভব করলে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। ম্যাচ শেষে তাকে কাঁদতে দেখা যায়, যা দলের শঙ্কা আরও বাড়িয়ে দেয়। প্রাথমিক পরীক্ষার পর ধারণা করা হচ্ছে, তার ডান হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF) এখনও আনুষ্ঠানিকভাবে দীর্ঘমেয়াদি ইনজুরির ঘোষণা না দিলেও, আগামী ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। দলীয় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং দ্রুত পুনর্বাসন শুরু করার পরিকল্পনা চলছে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রাফিনিয়ার চোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরীক্ষার ফলাফলের পরই জানা যাবে। তবে তিনি আশাবাদী যে বিষয়টি গুরুতর নয় এবং খেলোয়াড় দ্রুত ফিরতে পারবেন। অন্যদিকে দলীয় সমন্বয়ক রদ্রিগো কাইতানোও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, জানান—পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই চূড়ান্ত তথ্য দেওয়া হবে।
হাইতি ম্যাচের এই চোটের আগে চলতি তিন মাসে দ্বিতীয়বারের মতো ডান পায়ে সমস্যায় পড়লেন রাফিনিয়া, যা ব্রাজিল শিবিরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।
এদিকে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে মরক্কো, আর তিনে স্কটল্যান্ড।
ব্রাজিল শিবির এখন অপেক্ষায়—রাফিনিয়ার চোট কতটা গুরুতর এবং তিনি টুর্নামেন্টে আর ফিরতে পারবেন কি না, সেই চূড়ান্ত রিপোর্টের।




