প্রেমের সম্পর্কের জেরে প্রবাসীকে হত্যা, মূল পরিকল্পনাকারী তাসলিমা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মুগদা এলাকায় সৌদিপ্রবাসী মোকাররম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি তাসলিমা আক্তার ওরফে হাসনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে নরসিংদীর শিবপুর এলাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে আটক করে।
পুলিশ জানায়, সৌদি আরবে অবস্থানকালে তাসলিমার সঙ্গে মোকাররমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তাসলিমা মোকাররমের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেন। গত ১৩ মে দেশে ফিরে মোকাররম মুগদার মান্ডা এলাকায় তাসলিমার বান্ধবী হেলেনার বাসায় দেখা করতে যান।
বিয়ে, টাকা ফেরত ও ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁসের হুমকি নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হলে তাসলিমা ও হেলেনা হত্যার পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, ১৪ মে সকালে মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে তাসলিমা, হেলেনা ও হেলেনার মেয়ে মিলে তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
১৭ মে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।
ঘটনার পর হেলেনা ও তার মেয়েকে গ্রেপ্তার করা হলেও তাসলিমা পলাতক ছিলেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিটিটিসি তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মুগদা থানায় মামলা দায়ের হয়েছে।




