পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ‘হ্যাটট্রিক’ টেস্ট জয়
গাজী তুষার আহমেদ:
মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ওপেনার আজান আওয়াইস ১৫ ও অধিনায়ক শান মাসুদ মাত্র ২ রান করেন।
চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়েন। ১১৩ বলে ৬৬ রান করা ফজলকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। সালমান আগা করেন ২৬ রান।
এরপর নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। টানা দুই ওভারে তিনি মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। শেষ পর্যন্ত ১৬৩ রানেই অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দারুণ বোলিং করেন।
এর আগে প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি ও মুমিনুল-মুশফিকের ফিফটিতে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর এবার মিরপুরেও জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের অনন্য কীর্তি গড়ল টাইগাররা।




