১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত-প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :
রি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এ কারণে একসঙ্গে পুরো বাস্তবায়ন না করে তিন ধাপে নতুন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এ জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে বাকি মূল বেতন এবং তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধা সমন্বয় করা হবে।
সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের সার্বিক পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে সব দিক পর্যালোচনা শেষে সরকার চূড়ান্তভাবে সবুজ সংকেত দেয়।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে বর্তমান ২০টি গ্রেড বহাল থাকবে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে বাজারে মূল্যস্ফীতির চাপ কম থাকবে এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনাও সহজ হবে।




