ইতিহাস গড়ে প্রথম সৌদি লিগ জিতে আবেগে ভাসলেন ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রীড়া ডেস্ক :
অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি প্রো লিগের শিরোপা জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগেই আবেগ ধরে রাখতে না পেরে তিনি অঝোরে কাঁদতে শুরু করেন। তবে এটি ছিল দুঃখের কান্না নয়—ছিল স্বপ্নপূরণের আনন্দাশ্রু।
রিয়াদের আল আওয়াল পার্কে দামাককে ৪-১ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। ২০২৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথম লিগ শিরোপা জিতলেন রোনালদো।
ম্যাচে জোড়া গোল করেন রোনালদো নিজেই। ৬২ ও ৮০ মিনিটে তাঁর দুই গোল ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় আল নাসরের হাতে। এছাড়া একটি করে গোল করেন কিংসলে কোমান ও সাদিও মানে। দামাকের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে মোরলায়ে সিল্লার পা থেকে।
শেষ বাঁশি বাজার আগেই আবেগে ভেঙে পড়েন রোনালদো। গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের দিকে ট্রফি তুলে ধরেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে “চ্যাম্পিয়ন আল নাসর” লিখে ছবি পোস্ট করেন এবং একটি ভিডিওর ক্যাপশনে লেখেন—“এই ট্রফি আমাদের কাছে অনেক বেশি কিছু।”
২৪ বছরের পেশাদার ক্যারিয়ারে রোনালদো এখন পর্যন্ত ৩৫টি শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি ইউরো ও দুটি নেশনস লিগ শিরোপা। তবে সৌদি প্রো লিগের এই প্রথম শিরোপা তাঁর কাছে বিশেষভাবে আবেগঘন হয়ে উঠেছে।
৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করেছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ৮৪।
এদিকে পর্তুগাল জাতীয় দলের হয়ে আসন্ন বিশ্বকাপের জন্য দলে ডাক পেয়েছেন রোনালদো। এটি হবে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান।




