গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,২৮৭
নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২২১ জন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবুও হামের উপসর্গজনিত জটিলতায় ৭ শিশুর প্রাণহানি ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৬২০ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ১২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে। এর মধ্যে ৯ হাজার ৬৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৬০ হাজার ৮৪ জন রোগী হাসপাতাল ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা অভিভাবকদের শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।




