ডিসি অফিসে সমন্বয়ক মাহাদীকে পিটুনির অভিযোগ, তোলপাড় হবিগঞ্জ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

 নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি। হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে ডিসি কার্যালয় এলাকায় অবস্থানকালে মাহাদী হাসানের ওপর একদল যুবক অতর্কিত হামলা চালায়। হামলায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মাহাদী হাসানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করতে দেখা যায়। তিনি দাবি করেন, সরকারি অফিসের ভেতরেই প্রকাশ্যে তার ওপর হামলা চালানো হয়েছে।
এর আগে বুধবারও মাহাদী অভিযোগ করেছিলেন, একটি রাজনৈতিক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নেন বলে জানান। ওই ঘটনা শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে ঘটেছিল বলে দাবি করা হয়।
তবে ছাত্রদলের নেতারা এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন। তাদের দাবি, মাহাদী হাসান নিজের রাজনৈতিক গুরুত্ব বাড়াতে এবং আলোচনায় থাকতে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। পুলিশও আগের ঘটনার বিষয়ে কোনো সত্যতা পায়নি বলে জানিয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে মাহাদীর দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে থানায় অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করতে দেখা যায়। সেই ঘটনার পর থেকেই তিনি ব্যাপক আলোচনায় আসেন।
সর্বশেষ হামলার অভিযোগ ঘিরে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটির সত্যতা ও দায়ীদের শনাক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। অন্যদিকে, মাহাদীর অভিযোগ এবং ছাত্রদলের পাল্টা দাবির কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। এখন প্রশাসনের তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।