ছুটিতে ঢাকায় আসছেন হামজা চৌধুরী
ক্রীড়া ডেস্ক :
ক্লাব মৌসুম শেষ হওয়ায় বর্তমানে ছুটিতে আছেন হামজা চৌধুরী। তাঁর ক্লাব লেস্টার সিটি চলতি মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হয়েছে এবং ২ মে মৌসুমের শেষ ম্যাচ খেলেছে। এই বিরতির সুযোগ কাজে লাগিয়ে আজ তিনি ঢাকায় আসছেন।
সাধারণত আন্তর্জাতিক ম্যাচের নির্দিষ্ট সময় (ফিফা উইন্ডো) ছাড়া তাঁকে পাওয়া কঠিন হলেও এবার ছুটির সময় ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বাংলাদেশে আসছেন এই মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সফরকে সম্পূর্ণ ব্যক্তিগত হিসেবে বিবেচনা করছে।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, হামজার সফর সম্পর্কে ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জানা গেছে, কিছু বাণিজ্যিক কাজ শেষ করতেই তিনি কয়েক দিনের জন্য ঢাকায় অবস্থান করবেন।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ সামনে রেখে ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আগের পরিকল্পনা অনুযায়ী, হামজার সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে বাফুফে জাতীয় দলের জন্য নতুন প্রধান কোচ খোঁজার কাজও চালিয়ে যাচ্ছে।




