বিশ্বকাপের পথে ব্রাজিল, নেইমারদের বিদায় জানাতে ভক্তদের ঢল
ক্রীড়া ডেস্ক :
বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশ ছাড়ার আগে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নেইমার, রাফিনিয়া, আলিসন, কাসেমিরো ও ব্রুনো গিমারাইসরা। বিদায়ের মুহূর্তে সমর্থকদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
রিও ডি জেনিরোর বাররা দা তিজুকায় অবস্থিত হিলটন হোটেলে অবস্থান করছিল ব্রাজিল দল। সেখানে সকাল থেকেই জড়ো হন অসংখ্য সমর্থক। বৃষ্টিভেজা আবহাওয়াতেও প্রিয় তারকাদের একনজর দেখতে ভক্তদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বিশেষ করে নেইমারকে ঘিরে ছিল সবচেয়ে বেশি উচ্ছ্বাস। ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে সমর্থকদের সঙ্গে করমর্দন করেন, ছবি তোলেন এবং তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।
সমর্থকদের ভালোবাসায় আপ্লুত দেখা যায় নেইমারকে। বিশ্বকাপ যাত্রার জন্য বিশেষভাবে তৈরি পোশাক পরে হাজির হন তিনি। ডিজাইনার রিকার্দো আলমেইদার নকশা করা পোশাকে ছিল স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যের মিশেল। চোখে ছিল স্টাইলিশ সানগ্লাস।
নেইমারের পাশাপাশি গোলরক্ষক আলিসন, মিডফিল্ডার কাসেমিরো ও ব্রুনো গিমারাইস এবং ফরোয়ার্ড রাফিনিয়াও ভক্তদের সময় দেন। তারা অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি সমর্থকদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ভাগ করে নেন।
হোটেল থেকে বের হয়ে ব্রাজিল দল যায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে। সেখানে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় সেলেসাওরা। পুরো যাত্রাপথে দলটিকে নিরাপত্তা দেয় ফেডারেল হাইওয়ে পুলিশের বিশেষ বহর।
স্থানীয় সময় রাত ১০টায় নিউ জার্সির উদ্দেশে উড়াল দেয় ব্রাজিল দলের বিমান। যাত্রার আগে দলের খেলোয়াড়রা বিমানে উঠে একটি গ্রুপ ছবি তোলেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখতে যাচ্ছে ব্রাজিল। আর সেই যাত্রার শুরুতেই দেশের সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।




