বাফুফের নতুন প্রধান কোচ টমাস ডুলি
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি। আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা ডুলি খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ৪৩ বছর ফুটবলের সঙ্গে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন। পরে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে কাজ করেন।
আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। তাঁর অধীনে ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। সেখানে তাঁর অধীনে দল চার ম্যাচের সবকটিতেই জয় পায়।
বাফুফে জানিয়েছে, তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শক্তিশালী দল গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পারফরম্যান্স উন্নত করাই হবে ডুলির প্রধান লক্ষ্য।




