টাইব্রেকারের নাটকীয়তায় আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি
ক্রীড়া ডেস্ক :
প্যারিসের ক্লাব পিএসজি আবারও ইউরোপের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ জায়ান্ট আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরাসি ক্লাবটি।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় ইংলিশ দলটি। তবে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি পিএসজি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে উসমান দেম্বেলে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। এরপর উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল হয়নি।
ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পিএসজির খেলোয়াড়রা অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দেন। পাঁচ শটের মধ্যে চারটি সফলভাবে জালে জড়ান তারা। অন্যদিকে আর্সেনালের দুটি শট ব্যর্থ হলে জয় নিশ্চিত হয় পিএসজির।
শিরোপা জয়ের পর আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, আর্সেনালের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়াটা গত বছরের চেয়েও বড় অর্জন। পুরো মৌসুমে দলের পারফরম্যান্সের জন্য তারা এই শিরোপার যোগ্য দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।
এই জয়ের মাধ্যমে এনরিকে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে তৃতীয় শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। ফলে তিনি কার্লো আনচেলত্তি, বব পেইসলি, জিনেদিন জিদান এবং পেপ গার্দিওলা–এর পাশে নিজের নাম লেখালেন।
পিএসজি অধিনায়ক মারকিনিয়োস বলেন, টানা দুইবার ইউরোপসেরা হওয়া দলের জন্য এক অসাধারণ অর্জন। মৌসুমের শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল শিরোপা ধরে রাখা এবং শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়েছে।
ফাইনালে সমতাসূচক গোল করা উসমান দেম্বেলে বলেন, পুরো মৌসুমজুড়ে কঠোর পরিশ্রম ও নানা চ্যালেঞ্জ মোকাবিলার ফল হিসেবেই এই সাফল্য এসেছে। দলের সবাই এই ঐতিহাসিক জয় উদযাপন করছে।
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপীয় ফুটবলে নতুন এক শক্তিধর সাম্রাজ্যের ইঙ্গিত দিল পিএসজি।




