র্যাব পরিচালনায় আসছে নতুন আইন, পরিবর্তন হতে পারে নামও
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র্যাবকে একটি আধুনিক ও জবাবদিহিমূলক এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৮ মে) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রেখে নতুন আইনের আওতায় একটি বিশেষ বাহিনী পরিচালিত হবে, যা বর্তমান র্যাব কাঠামোর সংস্কার হতে পারে অথবা নতুন নামেও আত্মপ্রকাশ করতে পারে। এ বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের বাহিনীতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাহিনীর কার্যক্রমে মানবাধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যক্তিগত দায় পুরো বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, আগের রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর প্রতি জনআস্থায় প্রভাব পড়েছে। সরকার এখন একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম এলিট ফোর্স গঠনের বিষয়ে কাজ করছে।




