৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, লাইসেন্স বাতিলের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত বা সশরীরে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়। নোটিশে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তদন্ত চলাকালে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু বিভাগের প্রধান, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) চিকিৎসক, দায়িত্বরত নার্স ও আয়া, রোগীর স্বজন এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করা হয়।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিভিন্ন বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও নিয়ম লঙ্ঘনের কারণেই নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তদন্ত কমিটি মত দিয়েছে।
নোটিশে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালটি উক্ত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। কিন্তু তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এ ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে বেসরকারি হাসপাতালগুলোর মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং নবজাতক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




