।।। ক্ষমা করো রামিসা।।।
আ শ রা ফু ল ই স লা ম
=================
তোমার নিরাপত্তা দিতে পারিনি রামিসা,
বাবা হিসেবে এ আমাদের চরম অক্ষমতা।
যে হাত দিয়ে তোমায় আগলে রাখার কথা,
সে হাতই আজ কাঁপে শুধু অসহায়তায়।
হে দেব সন্তান
তুমিতো জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিলে আমায়,
আমি দিতে পারিনি নির্ভরতার ছায়া
তুমি চলে গেলে পৃথিবীর নিষ্ঠুরতায়,
আমি শুধু দাঁড়িয়ে দেখলাম নীরব মায়ায়।
তোমার ছোট্ট বুকের কষ্ট মুছতে পারিনি,
তোমার হাসি ফেরাতে পারিনি আর।
পৃথিবীকে দেখলে এক অন্যরকম নিষ্ঠুরতায়
বাবা হয়ে এ কেমন অক্ষমতা আমার
চিরকাল যেন তাই--
বয়ে বেড়াতে হবে এই অক্ষমতার ভার ।
তবুও শুনো রামিসা, আকাশের ওপার থেকে,
প্রতিটা নিঃশ্বাসে শুধু স্মরণ করি তোমায়।
তুমি যেখানেই থাকো, ভালো থেকো মা,
এই প্রার্থনাটুকুই এখন কেবল বেঁচে থাকার উপায়।
ক্ষমা করো আমায়, যদি পারো কখনো, অভিশাপ নয়
একজন ব্যর্থ বাবার এই শেষ প্রার্থনা।
আফতাবনগর, ঢাকা: ২২ মে-২০২৬।




