হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নেই
সারোয়ার তুষার:
জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে নরসিংদী জেলার ঐতিহ্য ও ইতিহাস উপস্থাপন করা হলেও সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি অন্তর্ভুক্ত না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
অনুষ্ঠানটির উপস্থাপক ও জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কালচারাল ইন্ডাস্ট্রির বি-আওয়ামীকরণ না হওয়া পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ওল্ডগার্ডদের চৈতন্যে স্থান পাবে না।”
শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ছোটবেলা থেকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত দর্শক ছিলেন জানিয়ে সারোয়ার তুষার লেখেন, “বাংলাদেশ টেলিভিশনে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রচারিত হচ্ছে। ছোটবেলায় ইত্যাদির প্রতিটি সেকেন্ড দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতাম। এবারের ইত্যাদির ভেন্যু নরসিংদী।”
তিনি উল্লেখ করেন, “যে জেলায় ‘ইত্যাদি’ হয়, সেই জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ‘ইত্যাদি’র পুরোনো রেওয়াজ। ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদ এবং ভাই গিরিশচন্দ্র সেনের বসতভিটা, সমাধিস্থল, জাদুঘর ও লাইব্রেরি দেখানো হয়েছে। তাঁদের কীর্তি ও সংক্ষিপ্ত ইতিহাসও বর্ণনা করা হয়েছে। নরসিংদীর সন্তান হিসেবে অবশ্যই আমরা গর্বিত।”
তবে অভিযোগ করে এনসিপির এ নেতা বলেন, “কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, হানিফ সংকেতের চৈতন্যে জুলাই নেই। জুলাইয়ের নরসিংদী নেই। জুলাইয়ের নরসিংদীর বীরোচিত কারা বিদ্রোহের ইতিহাস নেই। শহীদ তাহমিদ, শহীদ ইমন কিংবা শহীদ রাব্বির কথা নেই। জুলাইয়ের উত্তাল নরসিংদী হানিফ সংকেতের চৈতন্যে নেই।”
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “উপস্থিত দর্শকদের জন্য সাজানো কুইজের প্রশ্নে নরসিংদীর সন্তান কবি শামসুর রাহমান ও আলাউদ্দিন আল আজাদ আছেন; নেই শুধু জুলাই।”
“এ কারণেই বলেছিলাম, জুলাই হচ্ছে ‘মজলুম গণঅভ্যুত্থান’, যার কথা শোনার কোনো ব্যবস্থা অফিসিয়াল হিস্টোরিওগ্রাফিতে নেই। কেন? কারণ এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে,” যোগ করেন তুষার।
তিনি আরও বলেন, “যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ইতিহাস রচনার পদ্ধতি এবং কালচারাল ইন্ডাস্ট্রির বি-আওয়ামীকরণ না হবে, ততদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ওল্ডগার্ডদের চৈতন্যে স্থান পাবে না।”




