“গেস্টরুম–গণরুমে যুক্তদের অনেকেই এখন শিবিরে”—ঢাবি ছাত্রদল সভাপতির দাবি
ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অতীতের গেস্টরুম–গণরুম সংস্কৃতির সঙ্গে জড়িতদের একটি অংশ বর্তমানে শিবিরের সঙ্গে সম্পৃক্ত—এমন দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. বি. এম. ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
সাহস বলেন, “গুপ্ত শিবিরের মাধ্যমে সন্ত্রাসী ছাত্রলীগকে বৈধতা দেওয়া হোক—এটা আমরা চাই না। আমরা লক্ষ্য করেছি, ৫ আগস্টের আগে যারা গেস্টরুম–গণরুম কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকেই পরে শিবিরের সঙ্গে যুক্ত হয়েছে।”
স্মারকলিপিতে ছাত্রদল অতীতের গেস্টরুম–গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট বণ্টনে অগ্রাধিকার দেওয়ার দাবি জানায়।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাহস আরও বলেন, “৫ আগস্টের পরেও যারা নামে-বেনামে ক্যাম্পাসে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে, তারা যদি একই চিন্তায় থাকে, তাহলে তারা ভুল ভাবছে।”
গেস্টরুম সংস্কৃতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক আনুগত্য আদায়ের মাধ্যম হিসেবে গেস্টরুম ও গণরুম ব্যবহার করা হয়েছে এবং এর বড় ভুক্তভোগী ছিল ছাত্রদলের নেতা-কর্মীরা।
এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গত ১৭ বছরে ক্যাম্পাসে একদলীয় আধিপত্যবাদী রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলে অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেনি। তিনি গেস্টরুম–গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে তাদের সাময়িক বহিষ্কারের দাবি জানান।
দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন শিপন। তিনি বলেন, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহারের প্রস্তাব ডাকসুর পক্ষ থেকে প্রত্যাখ্যান করা দুঃখজনক।
ডাকসুর এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও দাবি করেন তিনি। শিপন বলেন, “জামায়াতে ইসলামীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা মনে করি।”
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে ছাত্রদলের আরও নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন উল্লেখযোগ্য।




