বিশ্বকাপে ইরান: শেষ মুহূর্তের বয়কট হুমকি
ক্রীড়া ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যেই ইরান জাতীয় ফুটবল দল শেষ মুহূর্তে এসে ফিফাকে বয়কটের হুমকি দিয়েছে।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন, স্টেডিয়ামে যদি ইরানবিরোধী স্লোগান দেওয়া হয়, বা “অননুমোদিত পতাকা” প্রদর্শন করা হয়, তাহলে দল ম্যাচ বন্ধ বা বয়কট করার সিদ্ধান্ত নিতে পারে। বিষয়টি ইতিমধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA-কে জানানো হয়েছে।
বর্তমান রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ ঘিরে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত দলটি যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে খেলতে রাজি হলেও নতুন করে এই হুমকি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
ইরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে তারা। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
এদিকে ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ নিয়েও আলোচনা চলছে। কিছু ইরানি কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের মাঠের বাইরের উত্তেজনাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।




