বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক:
হুলিয়ান আলভারেজ এখন আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম ভরসার নাম। কাতার বিশ্বকাপের আগে খুব বেশি পরিচিত না থাকলেও সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। পোল্যান্ডের বিপক্ষে গোল করে শুরু, এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জোড়া গোল—সব মিলিয়ে চার গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন এই তরুণ ফরোয়ার্ড।
বর্তমানে আতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলার আলভারেজ সামনে তাকিয়ে আছেন আরেকটি বিশ্বকাপের দিকে। তাঁর মতে, আর্জেন্টিনার লক্ষ্য সব সময়ই শিরোপা জেতা। আলভারেজ বলেন, “আমরা সব সময় চ্যাম্পিয়ন হতে চাই। এবারও লক্ষ্য একই। ফাইনালে পৌঁছাতে চাই এবং ধাপে ধাপে এগোতে চাই।”
কাতার বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে আলভারেজ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মেক্সিকো ম্যাচকে। সৌদি আরবের বিপক্ষে হারের পর সেই ম্যাচই ছিল দলের ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। তাঁর ভাষায়, “মেক্সিকো ম্যাচটাই ছিল আসল মোড় ঘোরানো মুহূর্ত। ওই ম্যাচের পর থেকেই আমরা বিশ্বাস ফিরে পাই।”
বিশ্বকাপ জয়ের পর আলভারেজ আরও অভিজ্ঞ হয়েছেন বলে মনে করেন। তিনি বলেন, “গত কয়েক বছরে অনেক ম্যাচ খেলেছি। নতুন অনেক কিছু শিখেছি এবং অভিজ্ঞতা বেড়েছে। জাতীয় দলের জার্সি সব সময় বাড়তি অনুপ্রেরণা দেয়।”
দলে তাঁর সঙ্গে আছেন লাউতারো মার্তিনেজও। দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আলভারেজ বলেন, “সুস্থ প্রতিযোগিতা আমাদের দুজনকেই আরও ভালো খেলতে সাহায্য করে।”
এদিকে আসন্ন বিশ্বকাপে নজর থাকবে লিওনেল মেসির দিকেও। বয়সের কারণে এটিই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলভারেজ বলেন, “মেসি সর্বকালের সেরা ফুটবলার। এটা তাঁর জন্য যেমন বিশেষ বিশ্বকাপ হতে পারে, তেমনি পুরো আর্জেন্টিনার জন্যও।”
আর্জেন্টিনা যদি আবারও বিশ্বকাপ জিততে পারে, তবে দলটি ইতিহাসের অংশ হয়ে যাবে বলে বিশ্বাস আলভারেজের। তাঁর মতে, “পরপর দুটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিততে পারলে এটি ফুটবল ইতিহাসে সোনালি অধ্যায় হয়ে থাকবে।”




