আরাফাত শেষে মিনায় হাজিদের ঢল, সৌদিতে আজ পবিত্র ঈদুল আজহা পালিত
ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি ও হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করছেন। পবিত্র হজের মূল রুকন আরাফাতে অবস্থান সম্পন্ন করার পর মঙ্গলবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা শান্তিপূর্ণভাবে মুজদালিফায় পৌঁছান।
সেখানে তাঁরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে এশার সময় মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেন এবং রাতভর ইবাদত, জিকির ও দোয়ায় মশগুল থাকেন। মুজদালিফা থেকেই হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করেন।
আজ বুধবার ফজরের নামাজ শেষে হাজিরা মিনার উদ্দেশে যাত্রা করেন। সেখানে জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের পরবর্তী গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়।
কোরবানির দিনে হাজিরা পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন করবেন। এগুলো হলো—জামারাতে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা, তাওয়াফে ইফাদা এবং সাঈ সম্পন্ন করা।
হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মুজদালিফা ও মিনাজুড়ে বাড়ানো হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম, স্থাপন করা হয়েছে অতিরিক্ত আলোকসজ্জা, শৌচাগার ও বিশ্রামব্যবস্থা। বিপুল সংখ্যক মানুষের অবস্থান ও চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক বিভাগ।
আরাফাত থেকে মুজদালিফা এবং মিনা পর্যন্ত যাত্রী চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে সৌদি প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণে বিভিন্ন সড়কে মাঠপর্যায়ে কাজ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিকে তীব্র গরম ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উচ্চ সতর্কতায় রয়েছে স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, জরুরি চিকিৎসা ইউনিট ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও মোতায়েন করা হয়েছে হজযাত্রীদের তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, নজরদারি ক্যামেরা ও নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সার্বক্ষণিক হজ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়।




